Dhaka Mail Logo

অর্থনীতি

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ আগস্ট ২০২৬, ০৩:২৫ পিএম

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  বৈধ ওয়ার্ক পারমিট থাকলে ‘এ৩’ ভিসাসহ অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের প্রয়োজনীয় কেওয়াইসি বিধি পরিপালন সাপেক্ষে ব্যাংক হিসাব খোলার কার্যক্রম নিতে পারবে ব্যাংকগুলো।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়েছে। 

এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২৬ সালের ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রের মাধ্যমে বাংলাদেশে ‘এ৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে। 

এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয় এবং মেয়াদ শেষে তা নবায়ন করতে হয়। ওই ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও থাকতে পারে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘এ৩’ ক্যাটাগরিসহ অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসার আওতায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে। 

তবে এ ক্ষেত্রে প্রচলিত কেওয়াইসি বা গ্রাহক পরিচিতি যাচাইয়ের বিধিবিধান যথাযথভাবে পরিপালন করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের প্রয়োজন রয়েছে। ফলে বৈধ ওয়ার্ক পারমিট থাকা বিদেশি কর্মীদের ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

টিএই/এআরএম