Dhaka Mail Logo

অর্থনীতি

ঋণপত্র খোলার বিশেষ অনুমতি পেল এস আলমের এসএস পাওয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম

ঋণখেলাপি এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে আমদানি ঋণপত্র (এলসি) খোলার বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শতভাগ নগদ মার্জিনের বিপরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক প্রতিষ্ঠানটির এলসি খুলতে পারবে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, রূপালী ব্যাংককে এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে শতভাগ নগদ মার্জিনে আমদানি ঋণপত্র খোলার অনুমতি দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকারের সঙ্গে পরামর্শ করে এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় অবস্থিত এসএস পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। এস আলম গ্রুপ ও চীনা একটি প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় নির্মিত কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি ২০২৩ সালের সেপ্টেম্বরে বাণিজ্যিক উৎপাদনে যায়। এরপর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ২ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এস আলম গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এর বড় একটি অংশ বর্তমানে খেলাপি। প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো খেলাপি প্রতিষ্ঠানকে এলসিসহ নতুন করে ঋণসুবিধা দেওয়ার সুযোগ নেই।

তবে বিশেষ বিবেচনায় এসএস পাওয়ার-১ লিমিটেডের জন্য শতভাগ নগদ মার্জিনের বিপরীতে এলসি খোলার এ অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

টিএই/এএস