নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২৬, ০১:২১ এএম
ব্যবসায়ীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ করতে একাধিক বছরের জন্য নবায়নের ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। একই সঙ্গে ট্রেড লাইসেন্স নিবন্ধন ও নবায়নে হয়রানি, সময়ক্ষেপণ এবং জটিলতা কমাতে ডিজিটাল সেবার কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) ডিসিসিআই মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে যৌথভাবে আয়োজিত স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিসিসিআই সভাপতি বলেন, ট্রেড লাইসেন্স ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল। কিন্তু এর নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়ায় নানা জটিলতার কারণে উদ্যোক্তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তাসকীন আহমেদ বলেন, ট্রেড লাইসেন্সের নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে তথ্যের ঘাটতি, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অস্পষ্টতা, একাধিকবার অফিসে যাতায়াত এবং বিভিন্ন ধাপে সময়ক্ষেপণের কারণে ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হয়। অনেক ক্ষেত্রে হয়রানিরও শিকার হতে হয়।
তিনি বলেন, দেশে ব্যবসা পরিচালনার জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে ট্রেড লাইসেন্সসহ সব ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধ করতে হবে। এ জন্য ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগ জরুরি।
ডিসিসিআই সভাপতি ট্রেড লাইসেন্স একাধিক বছরের জন্য নবায়নের ব্যবস্থা চালুরও আহ্বান জানান। তার মতে, এতে ব্যবসায়ীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এবং সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে।
ডিসিসিআই সভাপতি বলেন, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সরকারি সেবাগুলোকে সহজ, দ্রুত ও স্বচ্ছ করা প্রয়োজন। ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত সেবাগুলো ডিজিটাল করা গেলে উদ্যোক্তাদের ভোগান্তি অনেকটাই কমবে।
এদিন ডিসিসিআই ও ডিএসসিসির যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ১৬ থেকে ২০ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।
এমআর/এমআর