নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, নতুন ট্রেড লাইসেন্স ও নবায়নের জন্য নির্ধারিত ফির সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চার্জ যুক্ত থাকে। এই চার্জ কমানো গেলে ট্রেড লাইসেন্সের ফিও কমানো সম্ভব।
রোববার (১৬ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (ডিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। ব্যবসা পরিচালনার জন্য সহায়ক পরিবেশ তৈরি করা গেলে একদিকে সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়বে, অন্যদিকে নগরবাসীকে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, ডিএসসিসির কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি শনিবার গণশুনানির আয়োজন করা হচ্ছে। এতে ব্যবসায়ীসহ নগরবাসী তাদের সমস্যা ও মতামত তুলে ধরতে পারবেন।
হয়রানিমুক্ত ট্রেড লাইসেন্স সেবা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে জানিয়ে প্রশাসক বলেন, ওয়ান-স্টপ সার্ভিস চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
তিনি আরও বলেন, ডিএসসিসির আওতায় বর্তমানে প্রায় আড়াই লাখ ট্রেড লাইসেন্স রয়েছে। তবে করপোরেশনের আওতাধীন এলাকায় পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তাই ব্যবসায়ীদের নতুন ট্রেড লাইসেন্স গ্রহণ এবং পুরোনো লাইসেন্স যথাসময়ে নবায়ন করে বৈধভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানাই।
যানজট প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক বলেন, বিদ্যুৎচালিত অটোরিকশা ও হকারদের নিবন্ধনের আওতায় আনার কার্যক্রম চলছে। পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতেও সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যানজট কমাতে পুরান ঢাকার কিছু সড়কে একমুখী যান চলাচল চালুর ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নগর ব্যবস্থাপনায় ব্যবসায়ী ও সিটি করপোরেশন একসঙ্গে কাজ করলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।
এমআর/এফএ