নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম
ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রম শুরু করেছে।
রোববার (১৬ আগস্ট) ডিসিসিআই অডিটোরিয়ামে এ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ঢাকা চেম্বারের সদস্যসহ ডিএসসিসির আওতাধীন অন্যান্য ব্যবসায়ীরাও এ সেবা নিতে পারবেন। ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত ফি জমা দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. মাসুদ করিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ট্রেড লাইসেন্স ব্যবসা পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক দলিল। তবে নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে তথ্যের ঘাটতি, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে অস্পষ্টতা, একাধিকবার অফিসে যাতায়াত এবং বিভিন্ন ধাপে সময়ক্ষেপণ ও হয়রানির কারণে উদ্যোক্তাদের ভোগান্তিতে পড়তে হয়।
তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে ট্রেড লাইসেন্সসহ সব ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধ করতে ডিজিটাল ব্যবস্থার কার্যকর প্রয়োগ জরুরি। পাশাপাশি একাধিক বছরের জন্য ট্রেড লাইসেন্স নবায়নের ব্যবস্থা চালুর ওপরও গুরুত্ব দিতে হবে।
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ২৯৪ ধরনের ব্যবসার জন্য ইতোমধ্যে প্রায় ২ লাখ ৪৬ হাজার ১৮০টি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ডিএসসিসির রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৫০ কোটি টাকা। এ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীসহ নগরবাসীর সহযোগিতা কামনা করি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মাসুদ করিম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহায়ক না হলে ব্যবসা ও বিনিয়োগের গতি আসে না। তাই ব্যবসাবান্ধব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ডিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, পুরান ঢাকার বিভিন্ন স্থানে ট্রাক বা কাভার্ড ভ্যানে মালামাল খালাসের সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের হয়রানির সঙ্গে সম্পৃক্ততা থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা স্থাপনে ভালো ফল পাওয়া গেছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা ট্রেড লাইসেন্স নবায়ন ফি কমানো, স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে হয়রানিমুক্ত নবায়ন সেবা নিশ্চিত, যানজট ও জলাবদ্ধতা নিরসন, অটোরিকশার নিবন্ধন ও নম্বরপ্লেট প্রদান, ফুটপাত দখলমুক্ত করা এবং রাজনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
অনুষ্ঠান শেষে ঢাকা চেম্বারের সদস্যভুক্ত ১০টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে নবায়ন করা ট্রেড লাইসেন্স তুলে দেন ডিএসসিসির প্রশাসক।
এ সময় ঢাকা চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্য এবং বিভিন্ন খাতভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমআর/এফএ