নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক আলোচনা করা হয়।
শনিবার (১৫ আগস্ট) বিকালে রিহ্যাব কার্যালয়ে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ মনে রাখবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি যে দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে তাঁর শেষ বিদায়ের সময়। তাঁর জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, সাধারণ মানুষের হৃদয়ে তাঁর প্রতি কতটা গভীর ভালোবাসা ও আবেগ ছিল। এত বিপুল মানুষের উপস্থিতি শুধু একটি রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা নয়, বরং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও মানুষের সঙ্গে তাঁর সম্পর্কেরও একটি বড় প্রতিফলন।’
অনুষ্ঠানে রিহ্যাব পরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁক ও সংকটের সঙ্গে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা গভীরভাবে জড়িয়ে রয়েছে। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং পরবর্তী সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।’
ওয়ান-ইলেভেনের রাজনৈতিক সংকটের সময় বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা তুলে মাহবুবুর রহমান বলেন, ‘সে সময় নানা চাপ ও প্রতিকূলতার মধ্যেও দেশ ছেড়ে বিদেশে চলে না গিয়ে বাংলাদেশেই থাকার বিষয়ে বেগম খালেদা জিয়ার অনড় অবস্থান তাঁর রাজনৈতিক দৃঢ়তা ও দেশের প্রতি দায়িত্ববোধের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া প্রতিটি ক্ষেত্রেই দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন সময়ে নেওয়া অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, শিক্ষা, অবকাঠামো এবং নারীর ক্ষমতায়নের বিষয়গুলোও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আলোচনায় গুরুত্বপূর্ণ।’
দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম. ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান উপস্থিত ছিলেন।
এছাড়াও রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান মিসেস তাসনোভা মাহবুব সালাম, রিহ্যাব পরিচালক আলহাজ্ব মো. গোলাম কিবরিয়া মজুমদার, প্রকৌশলী মো. মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, প্রকৌশলী মো. মোস্তফা কামাল, এ.জেড.এম. কামরুদ্দিন, আলহাজ্ব প্রফেসর ফারুক আহমদ, সুরুজ সরদার, মো. জহির আহমেদ, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নজিবুল্লাহ চৌধুরী, উম্মে জাহান আরজু, হাবিবুর রহমান হাবিব, মুহাম্মদ লাবিব বিল্লাহ্, শেখ কামাল, মোঃ ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মো. এমদাদুল হোসেন সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবার, দেশ ও জাতির শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে কেক কেটে রিহ্যাব নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করেন।
এমআর/এএম