Dhaka Mail Logo

অর্থনীতি

যুক্তরাষ্ট্রে পোশাক মেলায় নজর কাড়ল বাংলাদেশের প্যাভিলিয়ন

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০৯:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের সক্ষমতা তুলে ধরতে লাস ভেগাসে আন্তর্জাতিক ফ্যাশন সোর্সিং মেলায় অংশ নেয় বাংলাদেশ। ১০ থেকে ১২ আগস্ট তিন দিন নেভাদার লাস ভেগাস ট্রেড সেন্টারে ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শীর্ষক মেলা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ প্যাভিলিয়ন আন্তর্জাতিক ক্রেতা ও শিল্পসংশ্লিষ্টদের নজর কেড়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় জানায়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সার্বিক ব্যবস্থাপনায় মেলায় দেশের ২০টি শীর্ষস্থানীয় তৈরি পোশাক ও টেক্সটাইল প্রতিষ্ঠান ২১টি বুথ নিয়ে অংশ নেয়।

Sourcing_at_MAGIC_1
লাস ভেগাস ট্রেড সেন্টারে ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শীর্ষক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের একটি চিত্র

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ফ্যাশন সোর্সিং মেলায় পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল ও কাপড় সরবরাহকারী, ক্রেতা, ব্র্যান্ড এবং ডিজাইনারদের মধ্যে ব্যবসায়িক সংযোগ তৈরি হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ এবং নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়ার ক্ষেত্রে মেলাটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

এবারের আয়োজনে বাংলাদেশ, চীন, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রসহ ২৪টি দেশের প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় ৮০০টির বেশি স্টল ও বুথ ছিল। তিন দিনের আয়োজনে ৭০টি দেশ থেকে প্রায় ৮ হাজার ৫০০ দর্শনার্থী অংশ নেন। তাদের মধ্যে ৭৩ শতাংশের বেশি ছিলেন উচ্চপর্যায়ের ক্রেতা ও সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারক।

বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো মেলায় নিটওয়্যার, ওভেন পোশাক, নৈমিত্তিক পোশাক, সুতির শার্ট, প্রিমিয়াম ডেনিম, বিশেষায়িত ওয়াশড পণ্য এবং উচ্চমূল্যের ফরমাল পোশাক প্রদর্শন করে। পণ্যের বৈচিত্র্য ও মানের কারণে বাংলাদেশ প্যাভিলিয়ন ক্রেতা ও সংশ্লিষ্টদের আগ্রহ তৈরি করে।

bangladesh_pavilion_in_las_vegas
লাস ভেগাস ট্রেড সেন্টারে ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শীর্ষক মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন

মেলা চলাকালে বাংলাদেশি রপ্তানিকারকরা বিভিন্ন আন্তর্জাতিক ক্রেতার সঙ্গে বিপুলসংখ্যক ব্যবসায়িক বৈঠক ও বাণিজ্যিক আলোচনায় অংশ নেন। এসব বৈঠক থেকে নতুন ব্যবসায়িক অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যতে রপ্তানি আদেশ পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক ফ্যাশন বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক খাত দ্রুত মানিয়ে নিতে সক্ষম হচ্ছে। লাস ভেগাসের এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকের পরিচিতি ও দৃশ্যমানতা আরও বাড়বে। একই সঙ্গে নতুন বাজার সৃষ্টি, রপ্তানি বহুমুখীকরণ এবং বিশ্ববাজারে বাংলাদেশকে নির্ভরযোগ্য পোশাক সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমআর/এএম