Dhaka Mail Logo

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তারের নিয়োগ বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ১১:৩১ এএম

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিলের এ সিদ্ধান্ত আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এ বিষয়ে গত ১১ আগস্ট আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

২০২৫ সালের ১ জুলাই দুই বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ড. আক্তার হোসেন। 

চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত তার দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার প্রায় ১০ মাস আগেই তার নিয়োগ বাতিল করা হলো।

প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের সামষ্টিক অর্থনীতি, মুদ্রানীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে নীতিগত পরামর্শ দিয়ে আসছিলেন। অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ এবং নীতিনির্ধারণে প্রয়োজনীয় গবেষণাভিত্তিক পরামর্শ দেওয়াও ছিল তার দায়িত্বের অংশ।

ড. আক্তার হোসেন দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ বছর শিক্ষকতা করেন তিনি। 

আরও পড়ুন: ৬ দিনের ব্যবধানে তৃতীয় দফা বাড়ল স্বর্ণের দাম

২০২০ সালে বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক হিসেবে অবসর নেন। পরে ২০২৪ সালে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।

এর আগে ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০০৪ সালে বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন ড. আক্তার হোসেন। ওই সময় তিনি নীতিভিত্তিক গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশের অর্থনৈতিক নীতিনির্ধারণে গবেষণাভিত্তিক বিশ্লেষণে ভূমিকা রাখেন।

বাংলাদেশ ব্যাংকের আদেশে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কথা বলা হয়েছে। তবে কী কারণে তার নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে আদেশে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

টিএই/এআরএম