Dhaka Mail Logo

অর্থনীতি

দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত জুবায়ের হোসেন 

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট ২০২৬, ০১:২৯ এএম

বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও যুব সংগঠক মোহাম্মদ জুবায়ের হোসেন চলতি বছরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

তিনি আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য International Festival of Youth 2026-এ সম্পূর্ণ অর্থায়নে নির্বাচিত হয়েছেন। সাত দিনব্যাপী এই আয়োজনে তার যাতায়াত, থাকা ও খাবারের সব ব্যয় আয়োজক কর্তৃপক্ষ বহন করবে। প্রায় ১০ হাজার অংশগ্রহণকারীর মধ্যে ১ হাজার জনকে পূর্ণ অর্থায়নের জন্য নির্বাচিত করা হয়েছে।

এছাড়া, আগামী ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর রাশিয়ার ভ্লাদিভস্তকে অনুষ্ঠিতব্য Eastern Economic Forum 2026-এ সম্পূর্ণ সরকারি অর্থায়নে অংশগ্রহণের জন্য বিশ্বের নির্বাচিত ৫০ জন তরুণ প্রতিনিধির একজন হিসেবেও তিনি সুযোগ পেয়েছেন।

জুবায়ের হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি ডিজিটাল এজেন্সি WEBKIH-এর প্রতিষ্ঠাতা এবং শিক্ষাপ্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম IELTS Mock Lab-এর প্রতিষ্ঠাতা ও প্রোডাক্ট লিড।

পাশাপাশি তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের যুব সংগঠন ‘লিও ক্লাব অব ঢাকার’, ২০২৩–২৪ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। তাঁর নেতৃত্বে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, যুব উন্নয়ন ও বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে যুব নেতৃত্ব, স্বেচ্ছাসেবা ও দক্ষতা উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

এর আগে তিনি World Youth Festival 2024  এবং Global Digital Forum 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। যুব নেতৃত্ব ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি সুবিধাবঞ্চিত মানুষ এবং তরুণদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন।

জুবায়ের হোসেন বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এসব আয়োজন থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগ দেশের তরুণদের উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় কাজে লাগাতে চাই।’

তার এই অর্জন বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক সুযোগ অনুসন্ধান, দক্ষতা উন্নয়ন এবং শক্তিশালী ব্যক্তিগত পোর্টফোলিও তৈরিতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

এএইচ