Dhaka Mail Logo

অর্থনীতি

বাণিজ্য বিশ্লেষণ ও নীতি প্রণয়নে এআই ব্যবহারে ৫ দিনের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট ২০২৬, ০৯:১১ পিএম

বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণ, নীতি প্রণয়ন এবং সরকারি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার শেখাতে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

রোববার (৯ আগস্ট) শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ১৩ আগস্ট পর্যন্ত। প্রথম ব্যাচে মন্ত্রণালয়ের ৩০ কর্মকর্তা অংশ নিচ্ছেন।

ইউকে ইন্টারন্যাশনাল, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। রোববার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারি কাজে এআইয়ের ব্যবহার প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুত, দক্ষ ও তথ্যনির্ভর করতে পারে। আমদানি-রফতানি তথ্য বিশ্লেষণ, বাজার পরিস্থিতি ও পণ্যের চাহিদা-দর পর্যবেক্ষণ এবং বাণিজ্যনীতির সম্ভাব্য প্রভাব বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, এআইয়ের সহায়তায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও কার্যকর সেবা দেওয়া সম্ভব। তবে এআই ব্যবহারের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, স্বচ্ছতা এবং মানবিক তদারকি নিশ্চিত করতে হবে।

প্রশিক্ষণে জেনারেটিভ এআইয়ের মৌলিক ধারণা ও বাণিজ্যে এর ব্যবহার, সরকারি নথি সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ এবং প্রম্পট তৈরির কৌশল শেখানো হবে। পাশাপাশি চিঠি, স্মারক, বক্তৃতা ও সংবাদ বিজ্ঞপ্তি তৈরিতেও এআইয়ের ব্যবহারিক প্রয়োগ দেখানো হবে।

এ ছাড়া আমদানি-রফতানি তথ্য ও বাজারদর বিশ্লেষণ, সরবরাহব্যবস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বিশ্লেষণে এআইয়ের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের বিভিন্ন পর্বে বৈশ্বিক বাণিজ্যনীতি, নীতি প্রণয়ন ও ই-গভর্নেন্সে এআইয়ের কৌশলগত ব্যবহার নিয়েও আলোচনা হবে। শেষ দিনে অংশগ্রহণকারীদের প্রকল্প উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে।

ইউএনডিপির অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এআইভিত্তিক দক্ষতা বাড়ানো এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এমআর/এএস