Dhaka Mail Logo

অর্থনীতি

প্রযুক্তি ব্যবহারে ‘স্মার্ট বাণিজ্য’ ব্যবস্থা গড়ে তুলতে হবে: মন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আধুনিক ও স্মার্ট বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, ‘সরকারি কাজে এআইয়ের ব্যবহার প্রশাসনিক কার্যক্রমকে আরও দ্রুত, দক্ষ ও তথ্যনির্ভর করতে পারে। আমদানি-রপ্তানি তথ্য বিশ্লেষণ, বাজার পরিস্থিতি ও পণ্যের চাহিদা-দর পর্যবেক্ষণ এবং বাণিজ্যনীতির সম্ভাব্য প্রভাব বিশ্লেষণে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।  তাই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে একটি আধুনিক ও স্মার্ট বাণিজ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে। ’

রোববার (৯ আগস্ট) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এআই ব্যবহারের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবসায়ীসহ সাধারণ জনগণকে আরও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে। তবে এআই ব্যবহারের পাশাপাশি তথ্যের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, স্বচ্ছতা ও মানবিক তদারকি নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে ইউএনডিপির সিনিয়র ইকনমিক অ্যাডভাইজর ওয়াইস প্যারী এবং ট্রান্সফরমেটিভ ইকনমিক পলিসি প্রোগ্রামের (টিইপিপি-২) প্রজেক্ট ম্যানেজার মারুফ আজম বক্তব্য দেন।

স্বাগত বক্তব্যে ওয়াইস প্যারী বলেন, ‘বিপুল পরিমাণ ডেটা, নথি ও তথ্য দ্রুত বিশ্লেষণ করে এআই নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কাজকে আরও সহজ ও দক্ষ করতে পারে। এতে কাজের চাপ কমার পাশাপাশি ভবিষ্যৎ বাণিজ্য ও শিল্পনীতি প্রণয়নে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া সম্ভব হবে। তবে এআইয়ের ওপর পুরোপুরি নির্ভর না করে মানবিক বিচার-বিশ্লেষণ ও তদারকি নিশ্চিত করতে হবে। ’ তিনি বাণিজ্যভিত্তিক এআই মডেল নিয়ে ভবিষ্যতে আরও প্রশিক্ষণের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে জেনারেটিভ এআইয়ের মৌলিক ধারণা ও বাণিজ্যে এর ব্যবহার, সরকারি নথি সংক্ষিপ্তকরণ ও বিশ্লেষণ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, চিঠি-মেমো, বক্তৃতা ও সংবাদ বিজ্ঞপ্তি প্রস্তুত, আমদানি-রপ্তানি ও বাজারদর বিশ্লেষণ, সাপ্লাই চেইন, ডব্লিউটিও চুক্তি এবং এফটিএ ও পিটিএ বিশ্লেষণে এআইয়ের প্রয়োগ শেখানো হবে।  পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যনীতি, নীতি প্রণয়ন ও ই-গভর্নেন্সে এআইয়ের কৌশলগত ব্যবহার নিয়েও আলোচনা হবে। শেষ দিনে ক্যাপস্টোন প্রকল্প ও সরাসরি উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে। ইউএনডিপির অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এআইভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নে প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এমআর/এএম