Dhaka Mail Logo

অর্থনীতি

আরামকো ট্রেডিং থেকে এলএনজি কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি এমএমবিটিইউ এলএনজির একক দর নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জুম লিংকের মাধ্যমে ভার্চুয়ালি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় জিটুজি ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে স্বল্পমেয়াদে ২০২৬ সালের ১১-১২ আগস্ট সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এক কার্গো এলএনজি কেনার দরপ্রস্তাব উপস্থাপন করা হয়। কমিটি প্রস্তাবটি অনুমোদন করে।

এলএনজির একক দর নির্ধারণ করা হয়েছে প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১১ ও ১২ আগস্টের জন্য এই এক কার্গো এলএনজি কেনা হবে।

সভায় আরও একটি দীর্ঘমেয়াদি এলএনজি ক্রয়ের প্রস্তাব আলোচনায় ছিল। জিটুজি ভিত্তিতে গানভর ইউএসএ এলএলসি কর্তৃক ২০২৬ সাল থেকে ২০৩৮ সাল পর্যন্ত সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএনজি কেনার জন্য দরপ্রস্তাব অনুমোদনের বিষয়টি সভায় উপস্থাপনের কথা ছিল।

তবে ওই প্রস্তাবটি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সভা থেকে প্রত্যাহার করে নেয়। ফলে গানভর ইউএসএ এলএলসি থেকে ২০২৬ সাল থেকে ২০৩৮ সাল পর্যন্ত এলএনজি কেনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় মোট আলোচ্য বিষয়ের মধ্যে এলএনজি কেনার দুটি প্রস্তাব ছিল। এর একটি আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে স্বল্পমেয়াদে এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। অপরটি গানভর ইউএসএ এলএলসি থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কেনার প্রস্তাব হওয়ায় তা প্রত্যাহার করে নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

এএইচ/এএম