Dhaka Mail Logo

অর্থনীতি

৮ ব্র্যান্ডের ক্রিমে ভয়ানক মাত্রার মার্কারি, ব্যবহার না করার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

দেশের বাজারে বিক্রি হওয়া আটটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বহুগুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) শনাক্ত করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব পণ্য বিক্রয়, বিতরণ, মজুদ ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই এই আহ্বান জানায়।

সংস্থাটি বলছে, বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন ব্র্যান্ডের স্কিন ক্রিম পরীক্ষাগারে পরীক্ষা করে আটটি ব্র্যান্ডে বিপজ্জনক মাত্রার মার্কারির উপস্থিতি পাওয়া গেছে। বাংলাদেশ মান (বিডিএস-১৩৮২) অনুযায়ী প্রসাধনীতে মার্কারির সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১ পিপিএম হলেও পরীক্ষিত পণ্যগুলোতে এর কয়েক ডজন থেকে শতাধিক গুণ বেশি মার্কারি পাওয়া গেছে।

পরীক্ষায় পাকিস্তানের এস.জে. এন্টারপ্রাইজের ‘চাঁদনি হোয়াটেনিং ক্রিম’-এ ১২০.৩৯ পিপিএম, কিউসিআই কোম্পানির ‘নিউ ফেস বিউটি ক্রিম’-এ ৪৪.৭২ পিপিএম, লোয়া ইন্টারন্যাশনালের ‘নাভিয়া বিউটি ক্রিম’-এ ৫৯.৮২ পিপিএম এবং ‘নাভিয়া হোয়াটেনিং ক্রিম’-এ ৭৯.৭০ পিপিএম, নুর এন্টারপ্রাইজের ‘নুর হোয়াটেনিং ক্রিম’-এ ৮২.৭৬ পিপিএম, ক্রিয়েটিভ কসমেটিকসের ‘ডিউ বিউটি ক্রিম’-এ ১২৩.৩৭ পিপিএম, গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেডের ‘গৌরি বিউটি ক্রিম’-এ ৫৬.৯৩ পিপিএম এবং চীনের জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কোম্পানির ‘ন্যাচারাল পার্ল স্কিন ক্রিম’-এ ৬৭.৪৯ পিপিএম মার্কারি শনাক্ত হয়েছে।

বিএসটিআই জানায়, এসব ত্বক ফর্সাকারী ক্রিম বৈধভাবে আমদানি করা হয়নি। মূলত লাগেজ বা বিভিন্ন চোরাই পথে দেশে প্রবেশ করিয়ে বাজারে বিক্রি হচ্ছে। ফলে এসব পণ্যের মান যাচাইয়ের সুযোগ থাকে না।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। ভোক্তার জীবন ও স্বাস্থ্য সুরক্ষাই বিএসটিআইয়ের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি বা বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, বাজারে নিরাপদ পণ্য নিশ্চিত করতে নিয়মিত নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে পরীক্ষা, বাজার তদারকি, সার্ভিল্যান্স এবং মোবাইল কোর্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

একইসঙ্গে ভোক্তাদের অজ্ঞাত বা অনুমোদনবিহীন ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহার না করা, প্রসাধনী কেনার আগে বিএসটিআইয়ের অনুমোদন ও পণ্যের বৈধতা যাচাই করা এবং সন্দেহজনক কোনো পণ্য সম্পর্কে তথ্য থাকলে বিএসটিআইকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

বিএসটিআই সতর্ক করেছে, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হওয়া, ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনির ক্ষতি, স্নায়ুতন্ত্রের জটিলতা এবং গর্ভবতী নারীর ক্ষেত্রে অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

টিএই/এএইচ