Dhaka Mail Logo

অর্থনীতি

জনতা ব্যাংকে পদবঞ্চনা দূর করার আহ্বান কর্মকর্তা ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে নিয়মিত পদোন্নতি নিশ্চিত, দীর্ঘদিনের পদবঞ্চনা দূর এবং নতুন অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ বাংলাদেশ। সংগঠনটির দাবি, সুপারনিউমারারি পদোন্নতির জটিলতা ও অর্গানোগ্রাম অনুমোদনে দীর্ঘসূত্রতার কারণে বিপুলসংখ্যক যোগ্য কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

শনিবার (০১ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মোতাহের হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান, জহির রায়হান, খালিদ সাইফুল্লাহ, জাকির হোসেন, সুমন ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, সনিয়াসহ অন্যান্য নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কার্যপরিধি ও দায়িত্ব ক্রমাগত বাড়লেও কর্মকর্তা-কর্মচারীদের কাজের যথাযথ মূল্যায়ন এবং নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বৈষম্য ও অনিশ্চয়তা বিরাজ করছে। এর ফলে কর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে, যা ব্যাংকের কার্যক্রম এবং সুশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাদের ভাষ্য, দুটি প্রধান কারণে পদোন্নতি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। প্রথমত, সুপারনিউমারারি পদোন্নতি অর্গানোগ্রামের বাইরে হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নীতিগত সীমাবদ্ধতার কারণে ২০২৪ ও ২০২৫ সালের নিয়মিত পদোন্নতি কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি। দ্বিতীয়ত, নতুন অর্গানোগ্রাম অনুমোদন এবং পদসংখ্যা পুনর্নির্ধারণে দীর্ঘ বিলম্বের কারণে শূন্য পদ সৃষ্টি না হওয়ায় বহু যোগ্য কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন না।

নেতারা বলেন, কোনো প্রতিষ্ঠানের মূল শক্তি তার কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত সুশাসন ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন অর্জন সম্ভব নয়। তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে গুড গভর্নেন্স প্রতিষ্ঠার স্বার্থে নিয়মিত পদোন্নতি, কাজের যথাযথ মূল্যায়ন এবং পদবঞ্চনার অবসান জরুরি।

তারা আরও বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ একটি প্রেসার গ্রুপ ও থিংক ট্যাংক হিসেবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উন্নয়ন ও নীতিগত সংস্কারের পক্ষে কাজ করছে। দেশের অর্থনীতিতে এসব ব্যাংকের ভূমিকা আরও কার্যকর করতে দ্রুত নতুন অর্গানোগ্রাম অনুমোদন এবং নিয়মিত পদোন্নতির পথ সুগম করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলন শেষে সংগঠনের আহ্বায়ক মোতাহের হোসেনসহ উপস্থিত নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এম/এএস