Dhaka Mail Logo

অর্থনীতি

রফতানি বাণিজ্যে নতুন নির্দেশনা, ফ্রিল্যান্সারদের জন্য আলাদা বিধান

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ জুলাই ২০২৬, ১১:৪২ পিএম

রফতানি বাণিজ্য পরিচালনায় সমন্বিত নির্দেশনা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণ, বিকল্প ট্রেড ফাইন্যান্সের ব্যবহার এবং ফ্রিল্যান্সার ও সেবা রফতানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন সহজ করতে একাধিক নতুন বিধান যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এক বছরের জন্য নতুন সমন্বিত রফতানি বাণিজ্যবিষয়ক সার্কুলার জারি করেছে। এটি ৩১ জুলাই ২০২৫ জারি করা সার্কুলারের পরিবর্তে কার্যকর হয়েছে। নতুন সার্কুলারে রফতানিসংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সব নির্দেশনা একত্রিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিগত পরিমার্জন আনা হয়েছে।

১৬টি অধ্যায়ে সাজানো নতুন নির্দেশনায় কাগজবিহীন বা ডিজিটাল বাণিজ্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর আওতায় ডকুমেন্টারি কালেকশনের ক্ষেত্রে রফতানি দলিল ইলেকট্রনিকভাবে উপস্থাপনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি অনুমোদিত ট্রেড করিডরের মাধ্যমে ডকুমেন্টারি কালেকশন ও এলসি ব্যবস্থায় ডিজিটাল ট্রেড ডকুমেন্ট প্রক্রিয়াকরণের জন্য পাইলট কাঠামো চালুর নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গত অর্থবছরে এডিপি বাস্তবায়ন ৬৭.৫২ শতাংশ, পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন

সার্কুলারে সাপ্লাই চেইন ফাইন্যান্সসহ বিকল্প ট্রেড ফাইন্যান্স ব্যবস্থার জন্য নতুন একটি কাঠামো যুক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রফতানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে পৃথক অধ্যায় সংযোজন করা হয়েছে। এর ফলে ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে তাদের রফতানি আয় দেশে আনা আরও সহজ হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ছাড়া ওপেন অ্যাকাউন্টভিত্তিক রফতানি, ই-কমার্স ও সেবা রফতানিসহ উদীয়মান খাতের জন্য বিদ্যমান নীতিমালা আরও সম্প্রসারণ করা হয়েছে। একই সঙ্গে রফতানি ঘোষণা, রফতানি আয় দেশে প্রত্যাবাসন, এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, বিশেষায়িত অঞ্চলের রফতানি, মার্চেন্টিং ট্রেড, কাউন্টার ট্রেড, এন্ট্রেপো ট্রেড এবং রফতানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা-টাকা সোয়াপ সুবিধাসংক্রান্ত নির্দেশনাগুলো বহাল রাখা হয়েছে।

ব্যবসায়ী নেতারা নতুন নির্দেশিকাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ডিজিটাল ট্রেড ডকুমেন্টেশন, বিকল্প ট্রেড ফাইন্যান্স এবং ফ্রিল্যান্সারদের জন্য পৃথক বিধান দেশের রফতানি খাতের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এসব উদ্যোগের পূর্ণ সুফল পেতে কার্যকর বাস্তবায়ন, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং ব্যাংক ও রফতানিকারকদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

বাংলাদেশ ব্যাংকের এ সমন্বিত সার্কুলার ২৯ জুলাই ২০২৭ পর্যন্ত রফতানিসংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্দেশনা হিসেবে কার্যকর থাকবে।

টিএই