জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর অবস্থান ধরে রাখার পর নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে রেপো রেট ১০ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৫০ শতাংশে নেমেছে। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট আগের মতোই ৭ দশমিক ৫০ শতাংশে বহাল রাখা হয়েছে। নতুন সুদহার আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ও ১৩তম সভায় দেশের মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যসহ সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়।
পর্যালোচনার ভিত্তিতে নীতি সুদহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয় কমিটি। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত এসএলএফ রেট ১১ শতাংশে নামিয়ে আনা হয়। তবে করিডোরের নিম্নসীমা হিসেবে ব্যবহৃত এসডিএফ রেট ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশোধিত সুদহার কাঠামো আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।
গভর্নর ও এমপিসির সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ড. মোহাম্মদ আক্তার হোসেন, নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ, বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌসি নাহার এবং ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম)-এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কামাল মুজেরী উপস্থিত ছিলেন।
টিএই/এমআই