Dhaka Mail Logo

অর্থনীতি

নাবিকদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা চালু করল স্ট্যান্ডার্ড চার্টার্ড

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম

বাংলাদেশি নাবিকদের পেশাগত ও আর্থিক প্রয়োজন বিবেচনায় বিশেষায়িত ব্যাংকিং সুবিধা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে ব্যাংকটি।

এই উদ্যোগের আওতায় যোগ্য বাংলাদেশি নাবিকরা প্রায়োরিটি ব্যাংকিং সুবিধা, ঋণে বিশেষ সুদহার, নির্বাচিত ঋণসেবায় প্রসেসিং ফি মওকুফ, নির্দিষ্ট ক্রেডিট কার্ডে বার্ষিক ফি মওকুফসহ বিভিন্ন সুবিধা পাবেন। এছাড়া নতুন ও বিদ্যমান যোগ্য গ্রাহকদের জন্য বিশেষ অনবোর্ডিং সুবিধা থাকবে। নির্ধারিত শর্ত পূরণ করলে নতুন গ্রাহকেরা ক্যাশব্যাক সুবিধাও পাবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানায়, নাবিকরা দীর্ঘ সময় সমুদ্রে বা দেশের বাইরে থাকায় তাদের পরিবারের আর্থিক প্রয়োজন নির্বিঘ্নে পরিচালনার জন্য সহজ, নিরাপদ ও আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবার প্রয়োজন হয়। সেই প্রয়োজন বিবেচনায় এসব বিশেষ সুবিধা চালু করা হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান লুৎফুল হাবিব বলেন, মানুষের প্রয়োজন বোঝার মধ্য দিয়েই অর্থবহ ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব। নাবিকরা দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থেকেও দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএমএমওএর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে তাদের পেশাগত বাস্তবতা ও আর্থিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকিং সেবা দেওয়া হবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড নাবিকদের পেশাগত বাস্তবতা ও বিশেষ প্রয়োজনকে গুরুত্ব দিয়েছে। এ সহযোগিতার ফলে সংগঠনের সদস্যরা এমন কিছু ব্যাংকিং সুবিধা পাবেন, যা তাদের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সহজ ও লাভজনক করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রায়োরিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফয়সাল হক, ডিপোজিটস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং বিভাগের প্রধান রাণা শহীদ হাসান, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার রাহানুমা তাসরিয়ান অমি, চট্টগ্রাম প্রধান শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান এবং নাসিরাবাদ শাখার ব্যবস্থাপক সজিব কাজী।

অন্যদিকে বিএমএমওএর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শওকত হোসেন, সিনিয়র সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন পেশাজীবী ও গ্রাহকগোষ্ঠীর জন্য বিশেষায়িত আর্থিক সেবা দেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশি নাবিকদের জন্য আরও সহজ, প্রয়োজনভিত্তিক এবং লাভজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে।

এমআর/এমআই