নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ পিএম
বিক্রি হয়ে গেছে ডাক বিভাগের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’- এমনই খবর ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে। তবে এই খবরকে গুজব এবং ভিত্তিহীন বললেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি জানিয়েছেন, ‘নগদ’ বিক্রি নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’ তথ্য যাচাই না করে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী গণমাধ্যমকেও যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের উদ্বোধন এবং ২০২৫-২৬ অর্থবছরে সংগৃহীত রাজস্ব থেকে মুনাফার অংশ হিসেবে নগদের পক্ষ থেকে ডাক অধিদফতরের কাছে ১৮ কোটি ৫৭ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ‘বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে ‘নগদ’ সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে। রাষ্ট্রায়ত্ত এ আর্থিক সেবাপ্রতিষ্ঠানকে আরও দক্ষ, লাভজনক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করাই সরকারের লক্ষ্য।’
তিনি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস কোনো নতুন ধারণা নয়। বিশ্বের বিভিন্ন দেশে এ ব্যবস্থা সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশেও এর মাধ্যমে ডাকসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।’
এ উদ্যোগের সুবিধা সম্পর্কে জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব পোস্ট অফিসকে ফ্র্যাঞ্চাইজি মডেলে পরিচালনার সুযোগ তৈরি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ফকির মাহবুব আনাম বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেই নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নগদের মুনাফা অর্জন সেই সফলতার একটি উদাহরণ।’
তিনি বলেন, ‘ডিজিটাল আর্থিক সেবা সাধারণ মানুষের কাছে নিরাপদ, সহজ ও সাশ্রয়ী সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও আস্থাশীল করে তুলতে হবে।’
মন্ত্রী আরও জানান, ‘সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের বিশেষ আস্থা রয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত গ্রাহকসেবা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও প্রতিযোগিতামূলক করা সম্ভব। একইসঙ্গে দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল ও আর্থিক সেবা পান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, ‘সরকারের রাজস্ব বৃদ্ধি এবং উন্নত নাগরিকসেবা নিশ্চিত করতে ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ অংশীদারত্বের ফলে জনগণের আস্থা, সরকারের রাজস্ব এবং ডাক বিভাগের আয় বেড়েছে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে ঢাকায় চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরে পর্যায়ক্রমে এ কার্যক্রম সারাদেশে সম্প্রসারণ করা হবে।
পরে মন্ত্রী ডাক বিভাগের অবিভাগীয় (ইডি) এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং আলোচনা করে তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন।
বিপিও-নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলামসহ ডাক বিভাগ ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/এএইচ