Dhaka Mail Logo

অর্থনীতি

‘দক্ষ মানবসম্পদ গড়েই বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাবে’

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর বলছেন, ‘দক্ষ, উৎপাদনশীল ও আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা সম্ভব।’

তিনি বলেন, ‘যুগোপযোগী শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টি নিশ্চিত করতে পারলেই বাংলাদেশ টেকসই সমৃদ্ধির পথে আরও দ্রুত এগিয়ে যাবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও উন্নয়নের জন্য দক্ষ, উৎপাদনশীল এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ গড়ে তোলা অত্যন্ত জরুরি। কর্মসংস্থান, শিক্ষা ও প্রশিক্ষণের বাইরে থাকা যুবকদের মূলধারায় ফিরিয়ে আনতে শিক্ষা ও প্রশিক্ষণের কারিকুলাম যুগোপযোগী করার পাশাপাশি নতুন শ্রমবাজার অন্বেষণ করতে হবে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে স্বীকৃত যোগ্যতা ও দক্ষতার সনদ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন শ্রমবাজারে পাঠানোর উদ্যোগ আরও জোরদার করতে হবে। একইসঙ্গে পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী রিস্কিলিং ও আপস্কিলিংয়ের সুযোগ নিশ্চিত করতে হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘আনুষ্ঠানিক খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি দেশের অবশিষ্ট জনমিতিক লভ্যাংশের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

তিনি জানান,‘ বর্তমান সরকার শিল্প ও উৎপাদন খাতে বিনিয়োগ সম্প্রসারণকে কেন্দ্র করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে একটি নতুন উন্নয়ন মডেল নিয়ে কাজ করছে। বিনিয়োগ আকর্ষণে নীতির ধারাবাহিকতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, লালফিতার দৌরাত্ম্য দূর করা, অর্থের সংস্থান, জ্বালানি নিরাপত্তা, মাল্টিমোডাল ও সিমলেস কানেক্টিভিটি এবং উৎপাদনশীল ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

তিতুমীর আরও বলেন, ‘২০২৪-পরবর্তী সময়ে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সরকার বয়ানের রাজনীতি থেকে বেরিয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করছে। দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াবে এবং একটি ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়ে টেকসই সমৃদ্ধি, শান্তি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতর-সংস্থার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, শিল্পখাতের প্রতিনিধি, প্রশিক্ষক, অ্যাসেসর, প্রশিক্ষণার্থী, তরুণ-যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএইচ/এএইচ