Dhaka Mail Logo

অর্থনীতি

মেট্রোরেলের আয়কর নিয়ে এনবিআরের ব্যাখ্যা চাইল অ্যানেক্স কমিউনিকেশনস

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম

মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচার থেকে অর্জিত আয় ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ নাকি ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবে বিবেচিত হবে, তা নিয়ে বিদ্যমান কর-সংক্রান্ত অস্পষ্টতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড। 

এনবিআর সূত্রে জানা গেছে, সম্প্রতি পাঠানো ওই চিঠিতে প্রতিষ্ঠানটি মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শনকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবে গণ্য করার দাবি জানিয়েছে। তাদের মতে, বর্তমান ভ্যাট আইন ও এসআরওর ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তির কারণে কর নির্ধারণে জটিলতা তৈরি হচ্ছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রচারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে অ্যানেক্স কমিউনিকেশনস চিঠিতে উল্লেখ করেছে, মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রদর্শন কোনো স্থাবর সম্পত্তি ভাড়া দেওয়ার বিষয় নয়। বরং এটি একটি নির্দিষ্ট বিজ্ঞাপন সেবা, যার মাধ্যমে নির্দিষ্ট শ্রোতা বা যাত্রীদের কাছে বিজ্ঞাপন পৌঁছে দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির যুক্তি অনুযায়ী, মেট্রোরেলের ট্রেন বা অবকাঠামোর ওপর বিজ্ঞাপন সংস্থার কোনো একক মালিকানা বা নিয়ন্ত্রণ থাকে না। ফলে এটিকে সম্পত্তি ভাড়া হিসেবে বিবেচনার সুযোগ নেই। এছাড়া ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মেট্রোরেলভিত্তিক বিজ্ঞাপন কার্যক্রমকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবেই শ্রেণিভুক্ত করা হয় এবং সে অনুযায়ী কর আরোপ করা হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ এবং ‘বিজ্ঞাপন সেবা’ খাতের ওপর প্রযোজ্য ভ্যাট হার ভিন্ন হওয়ায় সঠিক শ্রেণিবিন্যাস না থাকলে ব্যবসায়িক ও কর-সংক্রান্ত জটিলতা বাড়ে। এতে বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনাও বাধাগ্রস্ত হতে পারে।

অ্যানেক্স কমিউনিকেশনস মনে করে, এ বিষয়ে এনবিআরের সুস্পষ্ট ব্যাখ্যা ও নীতিগত সিদ্ধান্ত এলে মেট্রোরেলের বিজ্ঞাপন খাত আরও সম্প্রসারিত হবে, পাশাপাশি রাজস্ব আহরণ প্রক্রিয়াও সহজ ও স্বচ্ছ হবে।

এ কারণে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন এবং কর-সংক্রান্ত অস্পষ্টতা দূর করতে এনবিআরের হস্তক্ষেপ কামনা করেছে প্রতিষ্ঠানটি।

এমআর/ক.ম