জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম
রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতের জন্য নগদ সহায়তার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেওয়া এ প্রণোদনা ১ দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে নতুন এ হার কার্যকর হবে। সার্কুলার অনুযায়ী, এ সুবিধা পেতে রফতানিকারকদের বিজিএমইএ, বিকেএমইএ অথবা সংশ্লিষ্ট অন্য কোনো অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। পাশাপাশি প্রণোদনা গ্রহণের আগে দেশীয় উৎস থেকে সুতা ও কাপড়সহ প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহের প্রমাণপত্র জমা দিতে হবে।
খাতসংশ্লিষ্টরা জানান, স্থানীয় সুতা ব্যবহার করে তৈরি পোশাক রফতানিতে একসময় ৪ শতাংশ নগদ সহায়তা দেওয়া হতো। তবে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে ২০২৪ সালের জানুয়ারিতে তা কমিয়ে ৩ শতাংশ করা হয়। পরে আরও ছয় মাসের ব্যবধানে সহায়তার হার কমিয়ে ১ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনা হয়।
একই সময়ে এ নগদ সহায়তার ওপর ৫ শতাংশ কর আরোপ করা হয়। ফলে স্থানীয় সুতার পরিবর্তে আমদানিনির্ভর কাঁচামালের ব্যবহার বাড়তে শুরু করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন সিদ্ধান্তের ফলে দেশীয় সুতা ও কাপড় ব্যবহারে রফতানিকারকরা আরও উৎসাহিত হবেন এবং স্থানীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।
টিএই/এএস