Dhaka Mail Logo

অর্থনীতি

প্যাকেজ ভ্যাট নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দাবি দোকান মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন ২০২৬, ০৪:২২ পিএম

প্রস্তাবিত প্যাকেজ ভ্যাট ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। সংগঠনটির দাবি, কিছু স্বার্থান্বেষী মহল ও কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব সরকারের বাস্তবসম্মত ভ্যাট নীতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করছে।

রোববার (২৯ জুন) সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ভ্যাট আদায়কে মূলত উৎপাদন ও আমদানিকারক পর্যায়ে কেন্দ্রীভূত করার যে নীতিগত অবস্থান নিয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি তা সমর্থন করে। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে খুচরা ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং ব্যবসা পরিচালনা সহজ হবে।

সংগঠনটি বলেছে, দেশের ক্ষুদ্র ও মাঝারি দোকান ব্যবসায়ীরা জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের আর্থিক সক্ষমতা বিবেচনায় রেখে বাস্তবসম্মত ও সহজ প্যাকেজ ভ্যাট কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।

এ লক্ষ্যে তিনটি প্রস্তাবও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে, বার্ষিক ৪০ লাখ টাকার বেশি টার্নওভারের উপজেলা ও জেলা পর্যায়ের দোকানের জন্য বছরে ৫ থেকে ৬ হাজার টাকা প্যাকেজ ভ্যাট নির্ধারণ, ঢাকা সিটি করপোরেশন এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বছরে ১০ থেকে ১২ হাজার টাকা প্যাকেজ ভ্যাট এবং চট্টগ্রামসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকায় সমন্বিত হারে ভ্যাট নির্ধারণ।

সংগঠনটির মতে, প্যাকেজ ভ্যাট ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে সরকারকে এগোতে হবে। অন্যথায় বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এমআর/এমআই