Dhaka Mail Logo

অর্থনীতি

সঞ্চয়পত্র বিক্রিতে ‘গ্রাহক হয়রানি’ বন্ধে ব্যাংকগুলোকে নির্দেশনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ জুন ২০২৬, ০৮:৫৩ পিএম

সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে গ্রাহকদের নিরুৎসাহিত করা এবং সেবা প্রদানে অনীহার অভিযোগের পর তফসিলি ব্যাংকগুলোকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র বিক্রয় কার্যক্রম নির্বিঘ্ন রাখা, সেবার মান নিশ্চিত করা এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দিয়ে বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে, সঞ্চয়পত্র বিক্রির দায়িত্বে থাকা কিছু তফসিলি ব্যাংক নানা উপায়ে গ্রাহকদের সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে। ফলে বিনিয়োগকারীরা কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন।

এ পরিস্থিতিতে সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭-এর অনুচ্ছেদ-৩ অনুযায়ী ব্যাংকগুলোর দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ইস্যু অফিস হিসেবে তফসিলি ব্যাংকের শাখাগুলোকে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। একই সঙ্গে সঞ্চয়পত্র সংক্রান্ত সেবা কার্যক্রমের মান নিশ্চিত করতে শাখাগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্রাহকদের অভিযোগ গ্রহণের ব্যবস্থা প্রতিটি শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে অনেক ব্যাংকে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্র চাওয়া, অযথা সময়ক্ষেপণ, নিরুৎসাহমূলক পরামর্শ দেওয়া কিংবা বিকল্প আমানত পণ্যে বিনিয়োগে উৎসাহিত করার অভিযোগ বেড়েছে। এসব কারণে অনেক গ্রাহক সময়মতো সঞ্চয়পত্র কিনতে পারছেন না।

ব্যাংক খাতসংশ্লিষ্টদের মতে, সঞ্চয়পত্র দীর্ঘদিন ধরে দেশের ক্ষুদ্র ও মধ্যম আয়ের মানুষের নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হয়ে আসছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, নারী, প্রবীণ নাগরিক এবং নির্দিষ্ট আয়ের মানুষের মধ্যে এ বিনিয়োগ মাধ্যমের জনপ্রিয়তা বেশি। তাই বিক্রয় প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে সাধারণ বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন।

এ কারণে ব্যাংকগুলোকে আইন ও বিধি অনুযায়ী সঞ্চয়পত্র বিক্রির কার্যক্রম সচল রাখা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

টিএই/এফএ