নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ১১:২৪ পিএম
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে হালকা ট্রাকের টায়ার আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও কৃষি টায়ারে ভ্যাট আরোপ করায় দেশের টায়ার শিল্পে নতুন গতির সঞ্চার হয়েছে।
উদ্যোক্তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে আমদানি নির্ভরতা কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশে বড় আকারের বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।
সোমবার (২২ জুন) ঢাকার হলিডে ইন হোটেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) এসব তথ্য জানায়।

সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিনের বৈষম্য দূর করে দেশীয় শিল্পের সুরক্ষায় বর্তমান সরকারের এই পদক্ষেপ মাইলফলক হিসেবে কাজ করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর দেশে প্রায় ৪,৭০০ কোটি টাকার টায়ার আমদানি হয়েছে। এখন দেশীয় টায়ারের বাজার সম্প্রসারিত হলে মেঘনা গ্রুপসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করছে।
শুধু কৃষি টায়ারেই উৎপাদন সক্ষমতা থাকলেও বৈষম্যের কারণে এতদিন তা কাজে লাগানো যায়নি। এখন শুল্ক সুরক্ষার ফলে স্থানীয় কারখানাসমূহ পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারবে, যা একই সঙ্গে টায়ারের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে সহায়তা করবে।
এজেড