images

অর্থনীতি

শাহজালালে বিশেষ ই-নিলাম, ১৯ জুন থেকে দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০২৬, ০৪:০২ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে দীর্ঘদিন ধরে রক্ষিত বিভিন্ন ধরনের পণ্য বিক্রির জন্য বিশেষ ই-নিলাম বিজ্ঞপ্তি জারি করেছে কাস্টমস হাউস, ঢাকা। 

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় এয়ারফ্রেইট ইউনিট ও এক্সপ্রেস সার্ভিস ইউনিটে সংরক্ষিত বিভিন্ন পণ্য ‘যেখানে যে অবস্থায় আছে’ ভিত্তিতে ই-নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

এনবিআরের বিশেষ আদেশ নং-২৬/২০২৬/কাস্টমস অনুযায়ী, সংরক্ষিত মূল্য বিবেচনায় প্রথম নিলামে কোনো লটের বিপরীতে প্রাপ্ত সর্বোচ্চ দরদাতার কাছেই সংশ্লিষ্ট পণ্য বিক্রি করা হবে।

আগ্রহী নিলাম ক্রেতারা আগামী ১৯ জুন সকাল ৯টা থেকে ২ জুলাই দুপুর ১টা পর্যন্ত ই-অকশন পোর্টালে নিবন্ধন বা লগইন করে নিলামে অংশ নিতে পারবেন। এ সংক্রান্ত তথ্য www.bangladeshcustoms.gov.bd, www.dch.gov.bd এবং www.nbr.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। পাশাপাশি বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শনের সুযোগও রাখা হয়েছে। তবে অনলাইনে বিড করার পাশাপাশি জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-অকশন সফটওয়্যারের মাধ্যমে অংশগ্রহণকারী বিডারদের তথ্য আগামী ২ জুলাই বিকেল ৩টায় কাস্টমস হাউস, ঢাকার সম্মেলন কক্ষে প্রকাশ করা হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাস গ্রহণ করতে হবে।

এনবিআর জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের নিলাম কার্যক্রম অব্যাহত থাকবে।

এমআর/এআর