images

অর্থনীতি

বিদেশি ভোক্তার কাছে রফতানির সুযোগ সহজ করল কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম

বাংলাদেশি রফতানিকারকদের জন্য আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি বিদেশি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির পথ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে এ বিষয়ে সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, রফতানিকারকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস ও প্ল্যাটফর্মে নিজেদের পণ্য তালিকাভুক্ত ও প্রদর্শন করতে পারবেন। এর ফলে বিদেশি ক্রেতারা বাংলাদেশি পণ্য সম্পর্কে তথ্য সংগ্রহ, যাচাই এবং সরাসরি ক্রয়ের সুযোগ পাবেন।

সার্কুলারে বলা হয়েছে, রফতানিকারকরা প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার মূল্যের ক্ষুদ্র চালান নির্ধারিত শর্তে রফতানি করতে পারবেন। এ ছাড়া এক হাজার মার্কিন ডলার পর্যন্ত চালানের ক্ষেত্রে রফতানি ঘোষণা (ইএক্সপি) ফর্ম ছাড়াই ব্যাংকিং চ্যানেল বা অনুমোদিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণ অর্থ আগাম গ্রহণ করা যাবে।

নতুন ব্যবস্থায় বিদেশি ক্রেতার নামে সরাসরি শিপিং ডকুমেন্ট ইস্যুর সুযোগও দেওয়া হয়েছে। একই সঙ্গে পণ্যের গুণগত মান নিয়ে অভিযোগ বা পণ্য ফেরতের ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের অর্থ ফেরত দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এ ছাড়া অনলাইন মার্কেটপ্লেসে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাবস্ক্রিপশন, নিবন্ধন, সদস্যপদ এবং অন্যান্য সেবামূলক ফি পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের সুযোগ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, এ উদ্যোগ আন্তঃসীমান্ত ই-কমার্স কার্যক্রমকে আরও গতিশীল করবে। এর ফলে বাংলাদেশি রফতানিকারকরা প্রচলিত ব্যবসায়ী-নির্ভর রফতানি ব্যবস্থার পরিবর্তে সরাসরি বৈশ্বিক ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারবেন, যা দেশের রফতানি খাতের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

টিএই/এফএ