images

অর্থনীতি

ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন ২০২৬, ০২:৩৪ পিএম

তারল্য সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক থেকে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ধার পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কোরবানির ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাংকটিতে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আন্দোলনকারীরা ধারাবাহিক কর্মসূচি পালন করছেন।

এমন পরিস্থিতিতে বিপুলসংখ্যক গ্রাহক ব্যাংকটি থেকে আমানত তুলে নিতে শুরু করলে তারল্য সংকট দেখা দেয়। ফলে অনেক গ্রাহকের অর্থ উত্তোলনের চাহিদা পূরণে হিমশিম খেতে হয় ব্যাংকটিকে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ (সিআরআর) হারও বজায় রাখতে পারেনি।

গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহারের কারণে দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি বড় ধরনের তারল্য চাপে পড়ে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দেয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ সহায়তার মধ্যে ২ হাজার কোটি টাকা নগদ অর্থ হিসেবে দেওয়া হয়েছে। বাকি ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে আন্তঃব্যাংক লেনদেনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবা সচল রাখতে।

এই সহায়তার মাধ্যমে ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এমআর