images

অর্থনীতি

৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড, বাছাই হবে নিরপেক্ষভাবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১২ জুন ২০২৬, ০৫:৩৪ পিএম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য নয়, বরং দেশের সব নাগরিকের কল্যাণ বিবেচনায় প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা কোনো দলের জন্য বাজেট করিনি, ভবিষ্যতেও করব না। আর্থিক খাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনো দলীয় বিবেচনায় কাউকে মনোনয়ন দেওয়া হবে না। বাজেট দেশের সব মানুষের জন্য। কেউ বেশি সুবিধা পাবে, কেউ কম পাবে, সেটি প্রয়োজন ও বাস্তবতার ভিত্তিতে নির্ধারিত হবে।’

তিনি বলেন, ‘বাজেটে কৃষক, শ্রমজীবী মানুষ, নারী, শিল্পী, সংস্কৃতিকর্মী থেকে শুরু করে গ্রামীণ কারিগর পর্যন্ত সব শ্রেণি-পেশার মানুষের প্রয়োজন বিবেচনা করা হয়েছে। ‘বাংলাদেশের এমন কোনো নাগরিক নেই, যিনি এই বাজেটের আওতার বাইরে থাকবেন।’

ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘পাইলট প্রকল্পে উপকারভোগী নির্বাচন সম্পূর্ণ প্রশাসনিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে করা হয়েছে। এতে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। সরকারি কর্মকর্তারা নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তালিকা তৈরি করেছেন এবং সেই তালিকা অনুযায়ী সুবিধা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আগামী অর্থবছরে ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ‘আমরা চাই, যারা প্রকৃতপক্ষে যোগ্য, তারাই যেন এই সুবিধা পান। বাছাই প্রক্রিয়ায় ত্রুটি যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা চলছে।’

মন্ত্রী আরও বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে। নাগরিক সুবিধা প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে যোগ্যতা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হবে। দেশটা সবার। তাই রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাও সবার জন্য নিশ্চিত করতে হবে।’ 

এমআর/এমআই