images

অর্থনীতি

`সিমে কর প্রত্যাহার স্বস্তির হলেও মোবাইল সেবায় কর কমানো জরুরি'

নিজস্ব প্রতিবেদক

১২ জুন ২০২৬, ০২:০৫ এএম

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নতুন সিম কার্ডের ওপর আরোপিত ৩০০ টাকা কর প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১১ জুন) এক বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, এই সিদ্ধান্ত সাধারণ মোবাইল গ্রাহকদের জন্য ইতিবাচক পদক্ষেপ এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হবে। তার মতে, নতুন সিম সংযোগ নেওয়া সহজ হবে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী ও গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এটি স্বস্তির খবর। এতে মোবাইল ব্যাংকিং, অনলাইন শিক্ষা এবং ই-গভর্নেন্স সেবার ব্যবহারও আরও বাড়বে।

তবে তিনি সতর্ক করে বলেন, শুধু সিম কর প্রত্যাহারই গ্রাহকদের প্রকৃত স্বস্তি দিতে যথেষ্ট নয়। বর্তমানে মোবাইল সেবা ও ইন্টারনেট ব্যবহারের ওপর উচ্চ ভ্যাট, সম্পূরক শুল্কসহ বিভিন্ন কর আরোপ থাকায় গ্রাহকদের ওপর এখনো বড় আর্থিক চাপ রয়েছে।

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, টেলিযোগাযোগ খাতকে সত্যিকারের গ্রাহকবান্ধব করতে হলে মোবাইল সেবার ওপর অতিরিক্ত কর কমানো, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট নিশ্চিত করা, গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক উন্নত করা এবং ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে টেলিযোগাযোগ খাতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ করতে হবে, যাতে দেশের সব নাগরিক সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা পেতে পারে।

এমআর/এআর