images

অর্থনীতি

এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কম্পোজিট এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার আমদানির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব করা হয়েছে। এর ফলে বাজারে বিদেশি এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করেন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটে রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন খাতে কর ও ভ্যাট কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে কম্পোজিট এলপিজি সিলিন্ডার আমদানিকে ভ্যাটের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, আমদানি পর্যায়ে অতিরিক্ত কর আরোপের প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পড়তে পারে। ফলে রান্নার কাজে বহুল ব্যবহৃত এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হতে পারে।

বর্তমানে দেশের বিপুল সংখ্যক পরিবার রান্নার জ্বালানি হিসেবে এলপিজির ওপর নির্ভরশীল। বিশেষ করে যেসব এলাকায় পাইপলাইনে গ্যাস সংযোগ নেই, সেখানে এলপিজিই প্রধান জ্বালানি। ফলে এ খাতে মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের ওপরও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উপস্থাপন করেন। 
 
এমআর/ক.ম