Dhaka Mail Logo

অর্থনীতি

সারা বছর দেওয়া যাবে আয়কর রিটার্ন, আগে দিলে ছাড়

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

২০২৬-২৭ অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে অর্থবছরের শুরুতে রিটার্ন দিলে কর ছাড় এবং দেরিতে দিলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন। একইসঙ্গে ২০২৬-২৭ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দেন তিনি। বর্তমানে এ সীমা সাড়ে ৩ লাখ টাকা।

অন্যবারের মতো এবারো কয়েকটি বিশেষ শ্রেণির করদাতাকে বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নারী করদাতা ও ৬৫ বছরের বেশি বয়সী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ৫ লাখ টাকা এবং গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও জুলাই গণ-অভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের জন্য ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির মা-বাবা বা আইনানুগ অভিভাবক তাদের প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা করমুক্ত আয়সীমার সুবিধা পাবেন।

পুনর্বিন্যাস করা হয়েছে করহার

বাজেটে ব্যক্তিশ্রেণির আয়করের হারও পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে করমুক্ত আয়সীমার পরের প্রথম ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ কর রয়েছে। নতুন প্রস্তাবে এ স্তরটি তুলে দেওয়া হয়েছে। করমুক্ত আয়সীমার পরের প্রথম ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার ওপর ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকার ওপর ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের ওপর ৩০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে।

সারা বছর দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড়

প্রস্তাব অনুযায়ী, আগামী অর্থবছর থেকে পুরো বছরজুড়েই আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

তবে অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা, যেটি কম, সেই পরিমাণ কর ছাড় পাওয়া যাবে।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রিটার্ন যা কর তাই দিলেই হবে। কোনো প্রণোদনা পাওয়া যাবে না।

আর জানুয়ারি-মার্চ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা, যেটি বেশি সেই পরিমাণ টাকা দিতে হবে। এপ্রিল-জুন মাসে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকা, যেটি বেশি সেই পরিমাণ টাকা দিতে হবে।

এমআর