images

অর্থনীতি

৪১ লাখ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড, বরাদ্দ ১৪ হাজার ৫০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম

আগামী অর্থবছরে সারাদেশে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এ কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি অন্যতম ‘সিগনেচার প্রোগ্রাম’ হিসেবে বিবেচিত।

তিনি আরও জানান, সরকারের গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আওতায় পরিবারের প্রধান নারী সদস্য প্রতি মাসে ২,৫০০ টাকা ভাতা পাবেন।

অর্থমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশব্যাপী সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, আগামী অর্থবছরে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত থাকবে। পাশাপাশি ৬৫ বছরের ঊর্ধ্বে সিনিয়র সিটিজেনদের জন্য ট্রেনে সম্পূর্ণ ফ্রি এবং মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়া হবে।

প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ৩৮ লাখে উন্নীত করা হবে এবং মাসিক ভাতা ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা ১ লাখে উন্নীত করে স্তরভেদে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে।

এছাড়া মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ দশমিক ৯৫ লাখ মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়া হবে। ক্যানসারসহ ছয়টি দুরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে।

অর্থমন্ত্রী আরও জানান, বেসরকারি কর্মীদের জন্য সর্বজনীন পেনশন ফান্ডের আওতায় অবসরের সময় মোট অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকবে।

তিনি বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা বাড়ানো হয়েছে। এর মধ্যে বীরশ্রেষ্ঠ ৪০ হাজার টাকা, বীর উত্তম ৩০ হাজার টাকা, বীর বিক্রম ২৫ হাজার টাকা এবং বীর প্রতীক ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জুলাই গণভ্যুত্থানে শহিদ পরিবারদের মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের ক্যাটাগরি অনুযায়ী ২০, ১৫ ও ১০ হাজার টাকা ভাতা অব্যাহত থাকবে।

এসএইচ/এআর