নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬, ০৫:৪২ পিএম
২০২৬-২৭ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এ সীমা সাড়ে ৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, ২০২৭-২৮ অর্থবছরেও করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা বহাল থাকবে।
অন্যবারের মতো এবারো কয়েকটি বিশেষ শ্রেণির করদাতাকে বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। নারী করদাতা এবং ৬৫ বছরের বেশি বয়সী করদাতার জন্য সোয়া চার লাখ টাকা; তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য পাঁচ লাখ টাকা; গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতা ও গেজেটভুক্ত জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর আহত জুলাইযোদ্ধা করদাতাদের জন্য সোয়া ৫ লাখ টাকা করমুক্ত আয়সীমাও বাড়বে। প্রতিবন্ধী ব্যক্তির মাতা-পিতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা নির্দিষ্ট সীমার চেয়ে ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে।
পুনর্বিন্যাস করা হয়েছে করহার
বাজেটে ব্যক্তিশ্রেণির আয়করের হারও পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে করমুক্ত আয়সীমার পরের প্রথম ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ কর রয়েছে। নতুন প্রস্তাবে এ স্তরটি তুলে দেওয়া হয়েছে।
যাদের বার্ষিক আয় পৌনে চার লাখ টাকার বেশি তাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা পরবর্তী প্রথম ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরবর্তী ২০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ এবং অবশিষ্ট আয়ের জন্য ৩০ শতাংশ হারে করারোপ করা হয়েছে।
এমআর