images

অর্থনীতি

দেশীয় কসমেটিকস শিল্পে নতুন সুবিধা দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৪:৫০ পিএম

দেশীয় স্কিন কেয়ার ও কসমেটিকস শিল্পের বিকাশে নতুন সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। স্থানীয় উৎপাদনকারীদের উৎসাহিত করতে স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস তৈরিতে ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ কাঁচামাল আমদানির ওপর বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই উদ্যোগের ফলে দেশীয় শিল্পের উৎপাদন ব্যয় কমবে, বিনিয়োগ বাড়বে এবং স্থানীয় ব্র্যান্ডগুলো আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের স্কিন কেয়ার ও বিউটি পণ্যের বাজার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর লক্ষ্যে শিল্পটির জন্য কর-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দুটি কাঁচামাল আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর ফলে দেশীয় কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যয় কমবে। একই সঙ্গে স্থানীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানি বিকল্প পণ্য উৎপাদনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি থাকতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এছাড়া বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে সাড়ে ৭ শতাংশ।

এএইচ/জেবি