নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
ভ্যাটের আওতা বৃদ্ধি করার জন্য ব্যবসায়িক কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
মন্ত্রী বলেন, ভ্যাটের আওতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়িক কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করার জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। তিনি বলেন, রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর তফসিলসমূহে নিম্নোক্ত সংশোধনের প্রস্তাব পেশ করছি-
(ক) বিভিন্ন ধরনের উচ্চ মূল্যের হিমায়িত মাছের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি; (খ) বৃক্ষ অথবা বৃক্ষের অংশ এবং সুগন্ধ বৃক্ষ নির্যাস এর আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি; (গ) বিভিন্ন ধরনের এম.এস প্রোডাক্ট (রড) এর উৎপাদন পর্যায়ে বিদ্যমান 'সুনির্দিষ্ট ভ্যাট' কিছুটা বৃদ্ধির প্রস্তাব করছি।
এমএইচএইচ/ক.ম