images

অর্থনীতি

প্রথম বাজেট বক্তৃতা দিচ্ছেন আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০৩:০৮ পিএম

জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। একই সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরুরও প্রথম বাজেট।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেটে স্বাক্ষর করেন। পরে দুপুরের আগে ব্রিফকেস হাতে নিয়ে সংসদ কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী। ওই ব্রিফকেসেই ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বহন করা হয়।

জানা গেছে, আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি থাকতে পারে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এছাড়া বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে সাড়ে ৭ শতাংশ।

এমআর