images

অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন ২০২৬, ০৮:৪৯ পিএম

দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে সরকার। এ তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা। একই সঙ্গে কনটেন্ট ক্রিয়েটরদের উন্নয়ন ও সহায়তায় আসন্ন বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে যুবঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি স্বল্পসুদে অর্থায়নের সুযোগও সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্টার্টআপ, নারী উদ্যোক্তা উন্নয়ন, নারী ক্ষমতায়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরির জন্য মোট ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এর বাইরে ৫০০ কোটি টাকার পৃথক স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে, যেখান থেকে তরুণরা ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন।

কনটেন্ট ক্রিয়েটরদের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে আমির খসরু বলেন, এ খাত নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ রয়েছে। ফলে আসন্ন বাজেটে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইতিবাচক পদক্ষেপ ও নীতিগত সহায়তার প্রতিফলন দেখা যেতে পারে।

কর্মসংস্থান সৃষ্টিকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে আমির খসরু বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই বেকারত্ব কমানোর কার্যকর উপায়। এ লক্ষ্যে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সম্প্রসারণের পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

তরুণদের জন্য ঋণ সুবিধার বিষয়ে তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ৭ শতাংশ সুদে ৭ লাখ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতির তথ্য তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, সরকার সারা দেশে ভাতা ও সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করেছে। এ ছাড়া এখন পর্যন্ত ১৩ লাখ ১৭ হাজার কৃষককে ঋণ মওকুফ সুবিধার আওতায় আনা হয়েছে, যার জন্য ১ হাজার ৫৭০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।

এছাড়া দেশের পুঁজিবাজার বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে এবং ক্যাপিটাল মার্কেটকে গতিশীল করতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হবে।

এমএইচ/এআর