images

অর্থনীতি

ইসলামী ব্যাংকের সামনে আজও গ্রাহকদের অবস্থান, অংশ নিয়েছেন নারীরাও

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ জুন ২০২৬, ১১:৪৬ এএম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশিদ আলমের পদত্যাগ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানের পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজও ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। 

মঙ্গলবার (৯ জুন) কর্মসূচিতে প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক নারী আমানতকারীর অংশগ্রহণ দেখা গেছে।

এদিন সকাল ১০টার দিকে রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীদের মধ্যে শতাধিক নারী আমানতকারী অংশ নেন।

আন্দোলনে অংশ নেওয়া আমানতকারীরা বলেন, ‘দেশের অন্যতম বৃহৎ ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা শুধু গ্রাহকদের নয়, সামগ্রিক অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। ব্যাংকটিকে যেকোনো ধরনের অনিয়ম ও লুটপাট থেকে রক্ষার স্বার্থে তারা আন্দোলনে যোগ দিয়েছেন।’

এক নারী আমানতকারী বলেন, ‘ইসলামী ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। এ কারণে দীর্ঘদিন ধরে বহু গ্রাহক এই ব্যাংকের ওপর আস্থা রেখেছেন। ব্যাংকটির ক্ষতি হলে আমানতকারীদের স্বার্থও ঝুঁকির মুখে পড়বে। সে কারণেই আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে তারা আন্দোলনে অংশ নিয়েছেন।’

আন্দোলনকারীরা অভিযোগ করেন, পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, চেয়ারম্যান মো. খুরশিদ আলমের নিয়োগ বাতিল করতে হবে, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহাল করতে হবে।

এর আগে গত ১ জুন একই দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। ওইদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এরপর থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশিদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। চলমান আন্দোলনের মধ্যেই গত ১ জুন রাতে অনুষ্ঠিত ব্যাংকের এক ভার্চুয়াল সভায় এমডি মো. ওমর ফারুক খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

টিএই/এমআই