Dhaka Mail Logo

অর্থনীতি

বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদে যেসব কার্যসূচি রয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ জুন ২০২৬, ০১:২০ পিএম

জাতীয় সংসদে বিএনপি সরকার ক্ষমতা নেওয়া পর প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে রোববার (০৭ জুন)। প্রথম দিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবে এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

শনিবার (০৬ জুন) সংসদ সচিবালয়ের প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনয়ন এবং শোকপ্রস্তাব উত্থাপন করা হবে।

এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর তালিকাভুক্ত রয়েছে।

এ ছাড়া ‘জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)’-এর আওতায় প্রাপ্ত নোটিশগুলো নিষ্পত্তি করা হবে।

দিনের কার্যসূচিতে একটি বিশেষ কমিটির প্রতিবেদনও উপস্থাপন করা হবে। সংসদের সম্মতিক্রমে জ্বালানি বিষয়ে উত্থাপিত প্রস্তাবিত মোকাবিলার করণীয় নির্ধারণে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করবেন কমিটির সভাপতি ইকবাল হাসান মাহমুদ।

এর মধ্য দিয়ে চলতি বছরের বাজেট অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আগামী ১১ জুন জাতীয় বাজেট উপস্থাপনের কথা রয়েছে।

টিএই/এএস