নিজস্ব প্রতিবেদক
০৩ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
দেশের জ্বালানি চাহিদা পূরণ ও গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে যুক্তরাজ্য থেকে দুই কার্গো, সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এবং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কেনা হবে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন (আরএফকিউ) পদ্ধতিতে তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত সূচি অনুযায়ী ২৬-২৭ জুন, ৩০ জুন-১ জুলাই এবং ৬-৭ জুলাইয়ের জন্য যথাক্রমে ২৬তম, ২৭তম ও ২৮তম কার্গো সংগ্রহ করা হবে।
এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে এক কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি কেনা হবে। এই তিন কার্গো আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৭৮৪ টাকা।
এ ছাড়া পৃথক একটি প্রস্তাবের আওতায় সুইজারল্যান্ডের এসওসিএআর ট্রেডিং এসএ থেকে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে আরও দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ দুই কার্গো আমদানির মোট ব্যয় এখনো চূড়ান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্পট মার্কেটের বিকল্প হিসেবে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এলএনজি সংগ্রহের লক্ষ্যে এসওসিএআর ট্রেডিং এসএর সঙ্গে আলোচনা করা হয়। এর আগে গত বছরের ২০ ডিসেম্বর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রতিষ্ঠানটির কাছ থেকে ২০২৬ সালে স্বল্পমেয়াদে এলএনজি আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন পায়।
মন্ত্রিসভা কমিটি জাপান-কোরিয়া মার্কেট (জেকেএম) ফর্মুলা অনুযায়ী প্রতি এমএমবিটিইউতে জেকেএমের সঙ্গে অতিরিক্ত শূন্য দশমিক ১২৫ মার্কিন ডলার মূল্যে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে। প্রতিটি কার্গোতে এলএনজির পরিমাণ থাকবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ।
এমআর/এআর