images

অর্থনীতি

জট কমাতে ১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে কাস্টমস

নিজস্ব প্রতিবেদক

০২ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, বন্দর পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

মঙ্গলবার (২ জুন) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, জুন ২০২৬ মাসে ই-অকশন-৬/২০২৬-এর আওতায় ৪৪টি লটে এসব পণ্য নিলামে বিক্রি করা হবে। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী নিলাম কার্যক্রম পরিচালিত হবে।

নিলামে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইম স্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি পণ্যসহ নানা ধরনের পণ্য বিক্রি করা হবে। এসব পণ্যের ক্ষেত্রে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) নির্ধারণ করা হয়নি।

এনবিআর জানায়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিলাম পরিচালিত হবে। আগ্রহী ক্রেতারা সরেজমিনে পণ্য পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন। তবে জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে।

আগামী ১৮ জুন সকাল ১১টায় ই-অকশন-৬/২০২৬-এর দরপত্র বাক্স খোলা হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাস নিতে হবে।

এনবিআর জানিয়েছে, চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত করতে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআর/এফএ