images

অর্থনীতি

জুলাইয়ের মধ্য চামড়া শিল্পের মহাপরিকল্পনা ঘোষণা: শিল্পমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৯ মে ২০২৬, ১০:৩৪ পিএম

সরকার আগামী জুলাইয়ের মধ্যে দেশের চামড়া শিল্পে শৃঙ্খলা আনতে মহাপরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

‎শুক্রবার (২৯ মে) বিকেলে রাজধানীর পোস্তায় কাঁচা চামড়া ক্রয়, বিক্রয় ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

‎শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার চামড়াশিল্পে শৃঙ্খলা আনতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। আগামী জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা ঘোষণা করবে।

‎তিনি বলেন, কাঁচা চামড়া নয়, চামড়া পণ্য রপ্তানি করাই আমাদের উদ্দেশ্য। যাতে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং উচ্চ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি।

‎মন্ত্রী বলেন, যথাযথ প্রক্রিয়া না মানায় ক্রেতারা চামড়ার দাম কম পেয়েছেন। তবে ন্যায্য দাম না পেয়ে চামড়া বিক্রি না করে ফেলে দেওয়ার মতো অভিযোগ এবার নেই।

‎এর আগে দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিনধরা এলাকায় বিসিক শিল্প নগরী ট্যানারি পল্লী পরিদর্শন করেন মন্ত্রী।

‎সেখানে তিনি বলেন, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের সিদ্ধান্তটা ঠিক ছিল। কারণ ঠিকমতো বর্জ্য শোধনাগারের ব্যবস্থা আছে এবং উচ্চ মাত্রার বর্জ্য তৈরি হয় এরকম একটা শিল্প এখানেই হওয়া উচিত। কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল ক্লাসিক কেস অফ মিস ম্যানেজমেন্ট। সেই কারণে বর্জ্য শোধনাগারের যে ক্যাপাসিটি ছিল, তা ফাংশনাল সেই ক্যাপাসিটি আর যেসকল ট্যানারি এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে।

‎মন্ত্রী বলেন, কাঁচা চামড়ার মূল্য তো অল্প। ওয়েট ব্লু, কাস্ট লেদার এবং  ফিনিশিং লেদার একটি প্রসেস পর্যন্ত এটি চামড়া থাকে। এরপরে ওই চামড়া দিয়ে জুতা-স্যান্ডেল, ব্যাগ, বেল্ট, সুটকেস যাই বানান হয়; সেটা চামড়াজাত পণ্য। এখন যদি ওয়েট ব্লু কাস্ট বা ফিনিস লেদার রপ্তানি না করে ব্যাগ, জুতা, বেল্ট তৈরি করা হয়; তাহলে মাঝখানে যে ভ্যালু এডিশন হচ্ছে- এটার পরিমাণ অনেক।

‎তিনি আরও বলেন, কাঁচা চামড়া আর চামড়াজাত পণ্যের মাঝখানে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে। এর কারণে অনেকগুলো শিল্প কলকারখানা তৈরি হচ্ছে। এর মানে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে।

‎এএম/এএইচ