নিজস্ব প্রতিবেদক
২৯ মে ২০২৬, ০৩:৫২ পিএম
বর্তমান সরকারের প্রথম বাজেট জনবান্ধব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
শুক্রবার (২৯ মে) দুপুরে রাজবাড়ী পৌরসভার রজনীগন্ধা মিলনায়তনে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব এবং জনবান্ধব বাজেট প্রণয়নে কাজ করছে। তিনি বলেন, আগামী বাজেটে ব্যবসার পরিবেশ উন্নয়ন, নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন অবহেলিত অঞ্চলে শিল্প উৎপাদন বাড়ানো, সহায়তা প্রদান এবং প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আঞ্চলিক বৈষম্য কমিয়ে অর্থনৈতিক কার্যক্রমকে বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।
লাল ফিতার দৌরাত্ম্যের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি জানান, সরকার ইতোমধ্যে প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা কার্যক্রম চালু করেছে। এর আওতায় বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর ক্ষেত্রে নিম্ন সুদের ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি নারী উদ্যোক্তা, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা এবং পিছিয়ে পড়া অঞ্চলের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে।
রাজবাড়ীর সম্ভাবনা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, জেলায় কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং নারী শ্রমশক্তির অংশগ্রহণ বাড়ানো জরুরি। তিনি বলেন, বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং শিল্পায়ন সম্প্রসারণের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, রাজবাড়ীতে থাকা বিসিক শিল্প নগরীর অনেক প্লট এখনো ব্যবহার হয়নি। এসব জায়গাকে কার্যকরভাবে ব্যবহার করে শিল্পায়ন বাড়ানো গেলে স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংস্কারের কথাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ও সিভিল সার্জন ডা. এস এম মাসুদ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর।
এএইচ/এআরএম