images

অর্থনীতি

এটিএম বুথে টাকার সংকট: দীর্ঘ লাইন, ভোগান্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ মে ২০২৬, ০৬:০৩ পিএম

ঈদুল আজহার দুই দিন আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এটিএম বুথে দেখা দিয়েছে টাকার সংকট। অনেক বুথে টাকা না থাকা, আবার কোথাও অন্য ব্যাংকের কার্ডে লেনদেন সীমিত করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ফলে টানা ছুটির মধ্যে নগদ টাকা পাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর মতিঝিল, কমলাপুর, মুগদা, মালিবাগ এলাকা ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি বুথের সামনে দীর্ঘ লাইন। অনেকে এক বুথ থেকে আরেক বুথে ঘুরেও টাকা তুলতে পারেননি। কিছু বুথে ‘সাময়িকভাবে সেবা বন্ধ’ লেখা নোটিশও দেখা গেছে।

রাজধানীর মুগদা এলাকার ডাচ বাংলা ব্যাংকের একটি বুথে দেখা যায় টাকা তুলতে অনেকেই অপেক্ষা করছেন। বুথের অধিকাংশ মেশিনের ওপরে কাগজ দিয়ে বন্ধ লেখা। মাত্র একটি থেকে টাকা তোলা যাচ্ছে। এতে ভিড় বাড়ছে মানেুষের।

মালিবাগ এলাকায় একটি বুথে টাকা তুলতে আসা বেসরকারি চাকরিজীবী ইমরান হোসেন বলেন, ‘দুইটা বুথে গিয়ে টাকা পাইনি। পরে অন্য ব্যাংকের বুথে গিয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হয়েছে। ঈদের আগে এমন পরিস্থিতি খুব ভোগান্তির।’

2_n

ব্যাংক কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদ সামনে রেখে নগদ টাকার চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। পশু কেনা, কেনাকাটা ও গ্রামে যাওয়ার প্রস্তুতিতে মানুষ এখন বেশি করে টাকা তুলছেন। এ কারণে এটিএম বুথে চাপও বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তা জানান, ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামের দিকে মানুষের যাতায়াত বাড়ায় উপজেলা ও জেলা পর্যায়ের বুথগুলোতেও নগদ টাকার চাহিদা বেড়ে যায়। তবে অনেক এলাকায় বুথের সংখ্যা কম হওয়ায় চাপ সামলাতে সমস্যা হচ্ছে।

এদিকে দুর্বল আর্থিক অবস্থায় থাকা কয়েকটি ব্যাংকের বুথে সংকট আরও বেশি বলে জানিয়েছেন গ্রাহকরা। অনেক ক্ষেত্রেই অন্য ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তোলা যাচ্ছে না অথবা সীমিত পরিমাণে উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে।

গত রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ঈদকে সামনে রেখে ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী নগদ টাকা সরবরাহ করা হয়েছে। সব এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। কোথাও সমস্যা হলে দ্রুত সমাধানের জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ইন্টারনেট ব্যাংকিং, পস ও কিউআর কোডভিত্তিক লেনদেন সচল রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর পাশাপাশি পশুর হাটসংলগ্ন কয়েকটি ব্যাংক শাখা বিশেষ ব্যবস্থায় খোলা রাখা হয়েছে, যাতে কোরবানির পশু কেনাবেচায় নগদ অর্থের সংকট না হয়।

টিএই/এএইচ