images

অর্থনীতি

ঈদের আগে ‘রেমিট্যান্স ঝড়’, ২৩ দিনে ২৯৭ কোটি ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ মে ২০২৬, ০৪:৪৭ পিএম

দেশে আর তিন দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে ব্যপক হারে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ। চলতি মে মাসের প্রথম ২৩ দিনে দেশে বৈধ পথে ২৯৭ কোটি ছয় লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের মে মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স আসে ২১০ কোটি ছয় লাখ ডলার। আর চলতি বছরের একই সময়ে এসেছে ২৯৭ কোটি ছয় লাখ ডলার। সবশেষ ২৩ মে এক দিনেই দেশে ১৭ কোটি ৩৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ২৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ২৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বৈধ চ্যানেলে প্রণোদনা সুবিধা, ব্যাংকিং ব্যবস্থায় আস্থা বৃদ্ধি এবং প্রবাসীদের অধিক অর্থ পাঠানোর প্রবণতার কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

এর আগে গত এপ্রিল মাসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেছিলেন প্রবাসীরা। তার আগের মাসে অর্থাৎ গত মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে, যখন দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। আর চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের জানুয়ারিতে, ওই মাসে প্রবাসী আয় ছিল ৩১৭ কোটি মার্কিন ডলার।

টিএই/ক.ম