images

অর্থনীতি

চামড়া শিল্প রক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

২৩ মে ২০২৬, ০৯:৫৬ পিএম

দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প ধীরে ধীরে সংকটের মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার চাহিদা ক্রমেই কমছে এবং বর্তমানে চীন ছাড়া অন্যান্য দেশে এ শিল্পের তেমন কদর নেই।

শনিবার (২৩ মে) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে লেদার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘অস্তিত্ব সংকটে চামড়া শিল্প: উত্তরণের উপায় অনুসন্ধান’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন এসব বলেন।

বাহাউদ্দীন যাকারিয়া বলেন, দেশের স্বার্থে চামড়া শিল্পকে রক্ষা করা জরুরি। এ শিল্প টিকিয়ে রাখা গেলে রফতানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে। তিনি বলেন, অনেকেই মনে করেন কওমি মাদরাসাগুলো পুরোপুরি চামড়ার আয়ের ওপর নির্ভরশীল। বাস্তবে বিষয়টি তেমন নয়। কোরবানির চামড়া থেকে যে অর্থ আসে, তা দিয়ে একটি বড় প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুই সপ্তাহের ব্যয় মেটানো সম্ভব হয়। বাকি অর্থ অন্য উৎস থেকে সংগ্রহ করতে হয়।

মাওলানা যাকারিয়া বলেন, কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা চামড়া সংগ্রহ ও কোরবানির কাজকে সেবামূলক দায়িত্ব হিসেবেই পালন করেন। তাই শুধু মাদরাসার স্বার্থ নয়, দেশের বৃহত্তর অর্থনৈতিক স্বার্থেই চামড়া শিল্পকে পুনরুজ্জীবিত করা প্রয়োজন।

সরকার, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে যাকারিয়া বলেন, অতীতের মতো বিশ্ববাজারে বাংলাদেশের চামড়ার অবস্থান শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সেমিনারে আরও বক্তব্য দেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুর হক, আব্দুল্লাহ আল আমিন এমপি ও মাওলানা মাহবুবুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন এম মুফাজ্জল ইবনে মাহফুজ।

এমআর/ক.ম