images

অর্থনীতি

এপেক্সের কারখানা পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

ঢাকা মেইল ডেস্ক

২৩ মে ২০২৬, ০৮:২২ পিএম

সম্প্রতি গাজীপুরের সফিপুরে অবস্থিত এপেক্স ফুটওয়্যার লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশের জুতা ও চামড়াশিল্প কীভাবে বৈশ্বিক মানদণ্ড বজায় রেখে পরিচালিত হচ্ছে, সেই কার্যক্রম পর্যবেক্ষণ করতে এ সফর অনুষ্ঠিত হয়।
 
দেশের শিল্প খাতে টেকসই উন্নয়ন জোরদারের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি কারখানা পরিদর্শন করে। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ ও ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। 

ওশি ফাউন্ডেশনের প্রজেক্ট হেড মো. আলম হোসেনের সমন্বয়ে এই পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানান এপেক্স ফুটওয়্যারের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) সৈয়দ নাসিম মঞ্জুর এবং প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের জিএম মো. নাসরুল্লাহসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা।

Apex

প্রতিনিধি দলটি প্রথমে বাংলাদেশের প্রথম ‘এলডব্লিউজি গোল্ড রেটেড’ সুবিধাসংবলিত এপেক্স ট্যানারি ইউনিট পরিদর্শন করেন। পরে তারা এপেক্সের জুতা উৎপাদন ইউনিটগুলো ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানের আধুনিক উৎপাদনপ্রযুক্তি, দক্ষ জনবল, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বিশ্বমানের নকশা সক্ষমতা সম্পর্কে ধারণা নেন। এপেক্সের উৎপাদন প্রক্রিয়ায় ইউরোপীয় প্রযুক্তি ও দক্ষতার প্রয়োগও তাদের বিশেষভাবে আকৃষ্ট করে।

পরিদর্শন শেষে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (ব্যবস্থাপনা পরিচালক) সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, “পণ্যের মান ও টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশের উৎপাদনশিল্প কতদূর এগোতে পারে, তা ইউরোপীয় অংশীদারদের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। এই সফর বাংলাদেশের শিল্প খাতের প্রতি ইউরোপীয় দেশগুলোর আস্থারই প্রতিফলন। সেই আস্থা ধরে রাখতে আমরা কাজ করে যাব।”

এপেক্সের পরিবেশবান্ধব উদ্যোগ, অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় বোর্ড অফ ডিরেক্টরস, উন্নত উৎপাদন ব্যবস্থাপনা এবং বিশ্বমানের ডিজাইনের প্রশংসা করেন প্রতিনিধি দলের সদস্যরা। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এই সফরটি ইউরোপের সাথে বাংলাদেশের শিল্প খাতের শক্তিশালী সম্পর্কের একটি প্রতিফলন। -বিজ্ঞপ্তি 

ক.ম/