images

অর্থনীতি

মিলিনিয়াম সিটি হাটে বেচাকেনা কম, ঘোরাঘুরি-সেলফিতেই ব্যস্ত মানুষ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ মে ২০২৬, ১২:১৮ পিএম

কোরবানির ঈদ ঘনিয়ে এলেও রাজধানীর অদূরে ঘাটারচরের পাশে মিলিনিয়াম সিটিতে বসা গরুর হাটে কেনাবেচা এখনো জমে ওঠেনি। হাটে পরিবার-পরিজন নিয়ে অনেক কৌতূহলী দর্শনার্থী আসছেন। কেউ গরু দেখছেন, কেউ দাম-দর বোঝার চেষ্টা করছেন, আবার অনেকে সেলফি তুলে সময় কাটাচ্ছেন। ফলে বেচাকেনার চেয়ে ঘোরাঘুরিই যেন এই হাটের ‘বড় আকর্ষণ’ হয়ে উঠেছে।

শুক্রবার (২২ মে) বিকেলে মিলিনিয়াম সিটিতে বসা গরুর হাটে এমন দৃশ্য দেখা যায়।

রুবেল আহমেদ বসিলা এলাকা থেকে গরুর হাটে এসেছেন। সঙ্গে এনেছেন স্ত্রী, দুই শ্যালিকা, শালা ও দুই সন্তানকে। পুরো হাট ঘুরে ঘুরে গরু দেখছেন, আর মাঝেমধ্যে গরুর সঙ্গে সেলফিও তুলছেন।

রুবেল আহমেদ বলেন, হাট এখনো জমেনি, তাই আগে থেকেই দেখে রাখতে এসেছি। জমে গেলে তো আর আসা হবে না। তার মতে, গরুর হাট ঘোরা বেশ মজার। এতে গরু সম্পর্কে ধারণাও পাওয়া যায়।

Dhaka-1সপরিবারে কেন এত লোকজন নিয়ে এসেছেন-এমন প্রশ্নের জবাবে রুবেল আহমেদ বলেন, শ্যালক-শ্যালিকারা ধানমন্ডিতে থাকেন। তারা বছরের অন্য সময় গরুর হাটে যেতে পারেন না। কোরবানির সময় ছাড়া সরাসরি হাট দেখার সুযোগও পান না। তাই তাদের আবদারেই সবাইকে নিয়ে আসা।

তাদের থেকে কিছুটা দূরে কয়েকজন বোরকা পরিহিত নারী ও তরুণীকে হাটে ঘুরতে দেখা যায়। চলার পথে তাদের দেখে অনেকে তাকাচ্ছেন। একজনকে হাটে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, গরু দেখতে এসেছি।

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের মতো অনেকে হাটে দলে দলে আসেন। অনেকেই পরিবার নিয়ে, কেউ আবার স্বামী বা স্ত্রীর সঙ্গে এসেছেন। এতে ক্রেতার পাশাপাশি দর্শনার্থীর ভিড়ও ছিল চোখে পড়ার মতো। তবে বিক্রির হার তুলনামূলকভাবে কম ছিল বলে জানান সংশ্লিষ্টরা।

Dhaka-3নতুন স্ত্রীকে নিয়ে হাটে ঘুরতে এসেছেন রিয়াদ আহমেদ। তিনি বলেন, ‘স্ত্রী ঢাকার মেয়ে। আমার বাড়ি কুষ্টিয়ায়। সে কুষ্টিয়ার গরুর কথা অনেক শুনলেও দেখেনি। ফলে হাটে যাওয়ার আবদার করায় নিয়ে এসেছি।’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আনিসা বাবা-মায়ের সঙ্গে হাটে এসেছে। সে বলে, বাসায় সারাক্ষণ থাকতে ভালো লাগে না, তাই বাবার সঙ্গে হাটে এসেছে। এখানে এসে খুব ভালো লাগছে। এই আনন্দ বোঝানোর মতো না।

গরুর ব্যাপারী জিয়া বলেন, ‘গত চার দিনের তুলনায় আজ গরু দেখার লোকজনের সংখ্যাটা বেশি মনে হচ্ছে। তবে আমি মনে করি এটা এক প্রকার মার্কেটিং। তারা গিয়ে আরেকজনকে এই হাট সম্পর্কে বলবে। এমন প্রচারে আমাদের ক্রেতা আরও বাড়বে।’

এমআইকে/এমআর