নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ০৫:২০ পিএম
বাংলাদেশের ডেইরি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সাপ্লাইচেইন ব্যবস্থাপনা খাতে নিউজিল্যান্ডের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
বুধবার (২০ মে) রাজধানীর গুলশানে ডিসিসিআই সেন্টারে সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদের সঙ্গে শ্রীলংকায় নিযুক্ত নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইনের সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ডেইরি, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ, আধুনিক কৃষি ও খাদ্য নিরাপত্তা মানদণ্ডে নিউজিল্যান্ড বিশ্বব্যাপী শক্তিশালী অবস্থানে রয়েছে।
বাংলাদেশের ডেইরি খামারের আধুনিকায়ন, প্রাণিখাদ্য উৎপাদন, গবাদিপশুর উন্নত জাত উন্নয়ন, মৎস্য, ভেটেরিনারি প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরে দেশটির অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভোগ্যপণ্য, খাদ্যপণ্যের সাপ্লাইচেইন ব্যবস্থাপনা, পানি ও জলবায়ু ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে নিউজিল্যান্ডের বেসরকারি উদ্যোক্তাদের একক ও যৌথ বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে।
তাসকীন আহমেদ জানান, ২০২৫ অর্থবছরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৪৯৭ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার। এ বাণিজ্য আরও সম্প্রসারণে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা আমদানির জন্য নিউজিল্যান্ডের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনার ডেভিড পাইন বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও অগ্রাধিকারমূলক বাজার সুবিধা অব্যাহত রাখবে নিউজিল্যান্ড। এলডিসি-পরবর্তী সময়ে বাংলাদেশি পণ্যের বাজার প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি তাদের সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) সুযোগ রয়েছে এবং এ বিষয়ে দুই দেশের সরকারকে এগিয়ে আসা প্রয়োজন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শুধু রপ্তানি নয়, আমদানি বাজার বহুমুখীকরণের দিকেও গুরুত্ব দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
ডেভিড পাইন বলেন, খাদ্যপণ্যের উচ্চমান, কঠোর খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং জিএমওমুক্ত পণ্যের জন্য নিউজিল্যান্ড বিশ্বজুড়ে পরিচিত। বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বাণিজ্য কাঠামো গড়ে তুলতে নিউজিল্যান্ড আগ্রহী বলেও জানান তিনি।
বৈঠকে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী এবং সহসভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।
এমআর/এএইচ