নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৬, ০৫:০৪ পিএম
আগামী ১ জুলাই থেকে সরকারি সকল রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি শতভাগ ‘এ-চালান’ পদ্ধতির মাধ্যমে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চালু থাকা ম্যানুয়াল চালান পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ করা হচ্ছে।
সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বলা হয়েছে, সরকারি সব অর্থ ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের (টিএসএ) আওতায় আনতে হবে এবং ‘এ-চালান’ ছাড়া অন্য কোনো পদ্ধতিতে অর্থ গ্রহণ বা জমা রাখা যাবে না।
পরিপত্রে উল্লেখ করা হয়, বর্তমানে কিছু সরকারি দফতর এখনো পুরনো ম্যানুয়াল কোড ব্যবহার করে রাজস্ব জমা দিচ্ছে। আবার অনেক প্রতিষ্ঠান বাণিজ্যিক ব্যাংকে আলাদা হিসাব খুলে সরকারি অর্থ সংরক্ষণ করছে, যা সরকারের প্রকৃত নগদ অর্থের হিসাব নিরূপণে জটিলতা তৈরি করছে।
অর্থ বিভাগ বলছে, বিভিন্ন ব্যাংকে সরকারি অর্থ ছড়িয়ে-ছিটিয়ে থাকায় প্রয়োজনের সময় তা ব্যবহার করা সম্ভব হয় না। ফলে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুনের মধ্যে সরকারি দফতরগুলোর বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত সব অর্থ ‘এ-চালান’ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সরকারের টিএসএ হিসাবের আওতায় স্থানান্তর করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে, নগদ অর্থের তাৎক্ষণিক হিসাব পাওয়া সহজ হবে এবং ঋণের সুদজনিত ব্যয়ও কমে আসবে।
এমআর/এএইচ